প্রিন্ট এর তারিখঃ Apr 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 April 2026, 11:13 ইং
"আওয়ামী লীগের প্রক্সি হিসেবে বিএনপিকে চাই না": রাশেদ প্রধান

স্বপ্নভূমি ডেস্ক :
বিএনপিকে আওয়ামী লীগের ‘প্রক্সি’ হিসেবে দেখতে চান না মন্তব্য করে দলটির বিরুদ্ধে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট হওয়ার সব উপাদান বিদ্যমান থাকার অভিযোগ তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। সোমবার (৬ এপ্রিল) জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বর্তমান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাশেদ প্রধান তার বক্তব্যে বলেন, "আমরা আর ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করতে চাই না। এক জুলাই গেছে, আরেক জুলাই আসতে যাচ্ছে। আবারও আজাদির বিজয় ছিনিয়ে আনতে আমাদের আরও একটি অভ্যুত্থান করতে হবে।" তিনি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন।
সংবিধান সংস্কার প্রসঙ্গে রাশেদ প্রধান বলেন, "মুজিববাদী সংবিধানকে সংশোধন করে হাসিনাবাদী সংবিধানে রূপান্তর করা হয়েছিল। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সেই হাসিনাবাদী সংবিধানকে ‘তারেকবাদী’ সংবিধানে পরিণত করতে চাইছেন।" তিনি প্রশ্ন তোলেন, ২৪-পরবর্তী বাংলাদেশে সংবিধানের দোহাই দিয়ে যদি জুলাই বিপ্লবকে অস্বীকার করতে বলা হয়, তবে ছাত্র-জনতা তার জন্য প্রস্তুত নয়।
গত ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "আমরা স্বপ্ন দেখেছিলাম প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বের একটি নতুন বাংলাদেশের। কিন্তু ১২ ফেব্রুয়ারি ‘ম্যানেজ ভোটের’ মাধ্যমে সেই স্বপ্নকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে।" বিএনপির বর্তমান অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, একসময় জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও এখন তারা গণভোট অধ্যাদেশই বাতিল করতে চাইছে।
সরকারের বর্তমান কার্যক্রমের কঠোর সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, "সংসদে এখন শিলং থেকে আসা একজন নতুন শিক্ষক (স্বরাষ্ট্রমন্ত্রী) এসেছেন। ভারতীয় এজেন্ট এই স্বরাষ্ট্রমন্ত্রী এসে শিক্ষা দেন যে আমরা সবাই ছাত্র।" তিনি আরও অভিযোগ করেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও সার্বভৌমত্ব অর্জিত হয়নি এবং ভারতীয় আধিপত্যবাদ দেশকে গ্রাস করে রেখেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ